টেস্ট ক্রিকেট ছাড়ার আগে সাদা বলের ক্রিকেট ছেড়ে দেব: স্টার্ক

বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে যেই কয়জন সেরা পেস বোলার আছে তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার গতি-সুইং-ইয়র্কারে পরাস্ত হয় বিশ্বের বাঘা-বাঘা সব ব্যাটার। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসেও সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিনি আর পেসারদের মধ্যে দ্বিতীয় স্থানে। 

হয়তো আর একটি বিশ্বকাপ খেলতে পারেন তিনি। কারণ বর্তমানে তার বয়স ৩৩ বছর চার বছর পর তা হবে ৩৭ বছর। তবে এখনই নিজের শেষ দেখছেন না স্টার্ক। যদিও তিনি জানিয়েছেন সাদা বলের ক্রিকেট আগে ছেড়ে দেবেন। চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট। 

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ওয়ানডে ফরম্যাটে ২৩.১৭ গড়ে ২৩০ উইকেট নিয়েছেন। নিশ্চিত যে তিনি ২০২৭ সালে পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে তিনি এই ফরম্যাটটি ছাড়বেন না। চলমান বিশ্বকাপের পরও তিনি খেলা চালিয়ে যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এই অজি পেসার বলেন, ‘আমি বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে চাই, কিন্তু আমি জানি আমি পরের বিশ্বকাপ খেলতে পারব না। এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। চার বছর অনেক দীর্ঘ। তবে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট খেলার ইচ্ছা আছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট সবচেয়ে বেশি পছন্দ করি। আমি সব সময় বলে এসেছি যে টেস্ট ক্রিকেট আমার কাছে সবার আগে থাকে এবং আমি টেস্ট ক্রিকেট ছাড়ার আগে বাকিটা বাদ দেব। আমার কাছে (সেমিফাইনাল) অস্ট্রেলিয়ার জন্য আরেকটি ওয়ানডে ম্যাচ, আমার জন্য ওয়ানডে ক্রিকেটে এটি এখনো শেষ নয়।’

চলতি আসরে তিনি ৬.৫৫ গড়ে ৪৩.৯০ ওভার বল করে ১০ উইকেট স্বীকার করেছেন। বাংলাদেশের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে স্টার্ককে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই বিষয়ে তিনি বলেন, ‘বিশ্রামের সিদ্ধান্তটি মূলত আমারই ছিল। যেহেতু দল সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তাই আমি একটি ম্যাচে বিশ্রাম নিতে চেয়েছিলাম। আর আসরের শেষ ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষে। তাই এই ম্যাচেই দলের বাইরে ছিলাম।’