কুমিল্লায় পার্কিংয়ে থাকা পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ নভেম্বর) মধ্যরাতে জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত হতাহতের খবর আসেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় প্রতিদিনের মতো পাপিয়া ট্রান্সপোর্টের গাড়িগুলো পার্কিং করা হয়। শনিবার মধ্যরাতে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা বাসে আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের খবর নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘পার্কিং করা অবস্থায় পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের পর আইনের আওতায় আনতে আমাদের তৎপরতা অব্যাহত আছে।’