শ্যামাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার হরিণখোলা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হরিণখোলা পূজা মন্দিরের আয়োজনে প্রতি বছরের মতো গত শুক্রবার বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সোনাবাঁধাল নবদূর্গা প্রথম, কুলপোতা দ্বিতীয় এবং সোনাবাঁধাল কালিমান দল তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু। শিক্ষক বিদ্যাসাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন, পূজা কমিটির সাধারণ সম্পাদক ডা. নগেন্দ্র সরকার, বিধান সরকার ও অরবিন্দু সরকার প্রমুখ।