সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ান টাইগাদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নিজের দেশেই ফিরতে চান বলে আগেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান এই পেস কিংবদন্তি। নিজ দেশে তার নতুন কর্মক্ষেত্র খুঁজে পেয়েছেন ডোনাল্ড।
বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। সেখানে তিনি পাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।
ডোনাল্ডের নিয়োগের বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে লায়ন্স। লায়ন্সের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া তারকা হাশিম আমলাকেও পাচ্ছেন ডোনাল্ড। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার।