এবার আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন রুট

কিছুদিন আগে ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস ষোষণা দিয়েছেন, আগামী বছর ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলবেন না তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ইংল্যান্ডের হয়ে ব্যস্ত শিডিউল থাকায় এবং নিজের ইনজুরির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার ইংল্যান্ডের আরেক তারকা খেলোয়াড় জো রুট হাঁটছেন স্টোকসের দেখানো পথে। 

আইপিএলে জো রুটের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস গতকাল এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা বলেন, ‘খেলোয়াড় ধরে রাখার আলোচনা করার সময়ে জো (রুট) আগামী আইপিএলে না খেলার সিদ্ধান্ত আমাদের জানিয়েছে। খুবই অল্প সময়ে জো রুটের ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। দলে যে অভিজ্ঞতা রুট নিয়ে এসেছিল, সেটা মিস করব। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই।’ 

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি আরও জানায়, ‘৩২ বছর বয়সী রুট তার অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন, যা ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, যশস্বী জসওয়ালের মতো দলের অনেক তরুণ খেলোয়াড়ের জন্য নতুন কিছু শেখার জন্য কাজে দিয়েছে।’