ডিউটির সময় শেষ তাই মাঝপথে ট্রেন রেখে চলে গেলেন চালক

ডিউটির সময় শেষ, তাই ট্রেনের ২৫০০ যাত্রী রেখে চলে গেলেন চালকরা। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার বুড়ওয়াল জংশনে। পরে অন্য ষ্টেশন থেকে চালক এনে পরিস্থিতি সামাল দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার (২৯ নভেম্বর) উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার বুড়ওয়াল জংশনে ২৫০০ যাত্রী নিয়ে স্টেশনে আটকা পড়ে দুইটি ট্রেন। মূলত চালক ট্রেন চালাতে অস্বীকৃতি জানালে সহরস-নয়া দিল্লি ছাঁট পূজা স্পেশাল ট্রেন ও বারুয়ানি-লক্ষ্ণৌ এক্সপ্রেস নামের ট্রেন দুইটি সেখানে আটকা পড়ে। কয়েক ঘণ্টা পর অন্য জংশন থেকে চালক নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রেল কর্তৃপক্ষ।

চালকদের একজন বলেছেন, ডিউটির সময় শেষ আর অন্য চালক বলেছেন তিনি ‘অস্বস্তিবোধ’ করেছেন।

ট্রেনের এক যাত্রী বলেন, আমাদের যাত্রা সর্বোচ্চ ২৫ ঘণ্টা ২০ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তথাকথিত ‘স্পেশাল ট্রেন’-এর আজ তৃতীয় দিন। ভারতীয় রেল আমাদের মতো গরিব যাত্রীদের জন্য তৈরি করেছে ‘বিশেষ অত্যাচার’। এখানে পানি নেই, খাবার কেনার জন্য প্যান্ট্রি কার নেই। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও নেই। লোকো-পাইলট এবং ট্রেনের গার্ড উভয়েই ঘুমের কারণ দেখিয়ে ট্রেন থেকে নেমে গেছে।

এ ঘটনার পর বুড়ওয়াল জংশন থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, যাত্রীরা রেল ট্র্যাক অবরোধ করে অবিলম্বে এ সমস্যা সমাধানের দাবি জানান।

রেলের একজন কর্মকর্তা জানান, ট্রেনের একজন লোকো-পাইলট অস্বস্তি প্রকাশ করে এবং ট্রেন ছেড়ে চলে যায়। যেহেতু যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই গোন্ডা জংশন থেকে নতুন কর্মীদের ডাকা হয়েছিল এবং ট্রেনটি ৫টা ৪২ মিনিটে লক্ষ্ণৌ জংশনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। পরে ট্রেনটি ৭টা ২৫ মিনিটে লক্ষ্ণৌ পৌঁছায়।