মির্জাপুরে কমিউটার ট্রেন বিরতির দাবিতে মানববন্ধন-সমাবেশ

ঢাকা-রাজশাহী-খুলনা ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু ট্রেন লাইনের মির্জাপুরে কমিউটার ট্রেন বিরতির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার মির্জাপুরে সচেতন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে সাধারণ জনগণ এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। মির্জাপুর বাওয়ার কুমারজানি ট্রেন স্টেশনে এসব কর্মসূচি পালিত হয়।

সচেতন নাগরিক ঐক্য পরিষদের সদস্য মো. সাদ্দাম হোসেনসহ অনেকে অভিযোগ করেন, মির্জাপুর ক্যাডেট কলেজ, মির্জাপুর গোড়াই শিল্পাঞ্চল, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। অথচ মির্জাপুর ট্রেন স্টেশনে অধিকাংশ ট্রেন স্টপেজ (বিরতি) দিচ্ছে না। গত বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু ট্রেন (সড়কে) লাইনে নতুন সংযোজন কমিউটার ট্রেন চালু হয়েছে। কিন্তু এই ট্রেন মির্জাপুরে কোনো যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার মো. নাজমুল হোদা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়ায় এখানে ট্রেন স্টপেজ দিচ্ছে না।