মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় , ড. হুমায়ুন কবীর চৌধুরীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১২ (১) অনুসারে ট্রেজারার হিসেবে নিয়োগ করা হয়েছে। তার দায়িত্ব পালনের মেয়াদ ৪ বছর এবং এই সময়ে তিনি আইন ২০০৫ এর ধারা ১২ এর উপধারা ৪,৫,৬,৭ ও ৮ অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান।তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম . কম এবং বি . কম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এমবিএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া, তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।