নকলে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জের তাহিরপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অপরাধীকে গ্রেফতারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী তোফাজ্জলকে গ্রেফতার করে আইনের আওয়তায় আনতে হবে। অন্যথায় পরীক্ষা ও ক্লাস বর্জনসহ নানা কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়।  

বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম দানু প্রমুখ।

উল্লেখ্য, রবিবার (৩০ জুন) সকাল ১১টায় অর্ধ-বার্ষিকী পরীক্ষা চলাকালে নকলে বাধা দেওয়ায় শ্রেণি কক্ষে ঢুকে এক শিক্ষককে লাঞ্ছিত করে তোফাজ্জল নামে এক বখাটে। এ সময় অন্য শিক্ষকরাও এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। 

তোফাজ্জল বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কামড়ান্দ গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

আরও পড়ুন: কৃত্রিম প্রজননে দেশে ভেটকির পোনা উৎপাদন

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক শফিুকল ইসলাম ধানু বলেন, নকলে বাধা দেওয়ার জেরে তোফাজ্জল এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।
 
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন জানান, তোফাজ্জলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল বলেন, অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

ইত্তেফাক/অনি