শাবিতে গাঁজাসহ ছয় জন আটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস থেকে গাঁজাসহ ৬ জনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে একজনকে ছেড়ে দিয়ে বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শাহ মো. হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত গাঁজা-ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সর্বমোট ১৬ জনকে আটক করে প্রক্টরিয়াল বডি। তাদের মধ্যে ১০ জন শাবি শিক্ষার্থী রয়েছেন।

মামলার আসামিরা হলেন, গাঁজা সরবরাহকারী দলের প্রধান বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী টিলারগাও এলাকার বাসিন্দা সোয়াব আলী, যুগিপাড়ার মিলন মিয়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টং দোকানের কর্মচারী মইনুল মিয়া, নাজিরগাও এলাকার বাসিন্দা সালেহ আহমেদ ও বাসিন্দা পল্লাল আহমেদ। তারা সবাই বহিরাগত। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ জানান, শুক্রবার বিকেলে গাঁজা সরবরাহকারী দলের প্রধান সোয়াব আলীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি এ চক্রের প্রধান। টিলারগাও এর বড়গুল এলাকার তিতাসা মাজারেও তিনি গাঁজা বিক্রি করে থাকেন। তার সহযোগী আরো কয়েকজনকে প্রশাসনের তত্পরতায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) শাহ মো. হারুনুর রশীদের কাছে জানতে চাইলে বলেন, আটককৃত ছয় জনের মধ্যে এইসএসসি পরীক্ষার্থী অর্ঘ্যর সংশ্লিষ্টতা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৫ জনের বিরুদ্ধে শাবি রেজিষ্ট্রার মো. ইশফাকুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। অভিযুক্তদের কোর্টে চালান করা হয়েছে।