উইন্ডিজকে ৩৩৯ রানের বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজকে ৩৩৯ রানের বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে অভিস্কা ফার্নান্দোর সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ৩৩৮ রান করেছে তারা।  

চেস্টার লি স্ট্রিটে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দিমুথ করুনারত্নে ও কুশাল পেরেরা ওপেনিং জুটিতেই ৯৩ রান করেন। এরপর কিছুটা ধীরগতিতে খেলা করুনারত্নে বিদায় নেন। জেসন হোল্ডারের বলে শাই হোপের হাতে ধরা পড়ার আগে ৪৮ বল থেকে তিনি করেছেন ৩২ রান।

আরেক ওপেনার কুশাল পেরেরা ফিরেন রান আউট হয়ে। ৫১ বল থেকে ৬৪ রান করেন তিনি। এরপর দলীয় ১৮৯ রানে ফ্যাবিয়ান অ্যালেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফিরেন কুশাল মেন্ডিস। তিনি করেন ৩৯ রান। দলীয় ২৪৭ রানে অ্যাঞ্জেলো ম্যাথুস আউট হন ২৬ রান করে। 

এরপর ফার্নান্দো ও লাহিরু থিরিমান্নে জুটি পঞ্চম উইকেটে তিন শ’ পার করেন। দলীয় ৩১৪ রানে ফার্নান্দো আউট হন। ১০৩ বল থেকে ৯টি চার ও দুটি ছক্কার মারে ১০৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া থিরিমান্নে ৩৩ বল থেকে ৪৫ রানের দ্রুতগতির ইনিংস খেলে অপরাজিত থাকেন। 

এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিয়মরক্ষার। ইংল্যান্ডের কাছে রবিবার ভারতের হারে বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কার বিদায় হয়ে গেছে। শ্রীলঙ্কা নিজেদের শেষ দুটি ম্যাচ জিতে ১০ পয়েন্ট অর্জন করলেও ইংলিশদের থেকে নেট রান রেটে পিছিয়ে থাকতে হবে। ফলে বিশ্বকাপ থেকে হাথুরুসিংহের শিষ্যদেরও বিদায় নিশ্চিত।  

ইত্তেফাক/কেআই