ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি তামিম ইকবাল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি এখন পর্যন্ত তামিমের খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। আবারও জাতীয় দলে এই ওপেনারকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। আবারও তামিমকে জাতীয় দলে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান (বিসিবি) জালাল ইউনুস।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম ইস্যুতে জালাল উইনুস বলেন, ‘আপনারা মিডিয়াতে দেখেছেন, তামিম বলেছেন, মাননীয় প্রেসিডেন্টও তার (তামিম) একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে তামিমের ক্রিকেট, ফিউচার নিয়ে কথা হয়েছে। তবে কী আলাপ-আলোচনা হয়েছে আমি জানি না। ক্রিকেট নিয়ে তামিমের সামনে কমিটমেন্ট কী এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।’
তিনি আরও বলেন, ‘তার থেকে জানতে হবে তার কমিটমেন্ট কী সামনের দিকে। এটার ওপর ভিত্তি করে চুক্তির কথা চিন্তা করতে হবে। আমরা জানুয়ারি মাসেই জানতে পারবো। ভবিষ্যতে কী কমিটমেন্ট, নিজের কী পরিকল্পনা সেটা জানার ওপর নির্ভর করছে আমরা তাকে কীভাবে চুক্তি দেবো।’