রাজশাহী মহানগরীর নিউ মার্কেট এলাকার ‘থিম ওমর প্লাজা’ ও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় কম্পাউন্ডের সীমানা প্রাচীর সংলগ্ন ম্যানহোল থেকে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) উদ্ধারকৃত অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। ওই ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়।
জানা গেছে, লাশটি নগরীর উপকণ্ঠ কাটাখালী পৌরসভার শ্যামপুর থান্দারপাড়ার নয়নাল উদ্দিনের (৬১)। আওয়ামী লীগের কর্মী হিসেবে তিনি মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এবং এমপি ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে যাওয়া আসা করতেন।
পুলিশ জানায়, রাজশাহী নিউ মার্কেটের উত্তরপাশের ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয় এবং যৌথ মালিকানাধীন থিম ওমর প্লাজার মধ্যবর্তী ফাঁকাস্থানের শেষ মাথায় সীমানা প্রাচীর সংলগ্ন ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করা হয়। থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। সপ্তম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট। ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন এমপি ফারুক চৌধুরী। মূলভবনের পূর্বদিকে ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে গিয়ে বোন কুলসুম বেগম, নয়নাল উদ্দিনের লাশ শনাক্ত করেন। তিনি জানান, নয়নাল উদ্দিনের স্ত্রী-সন্তান নেই। ভবঘুরে প্রকৃতির মানুষ। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। দিনের বেশির ভাগ সময় আওয়ামী লীগের কার্যালয়সহ নেতাদের সঙ্গে থাকতেন। এ ঘটনায় তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান বলেন, নয়নাল আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। কোনো কাজকর্ম করতেন না। ১০-১২ বছর ধরে প্রতি মাসে এক-দুবার এসে তার কাছ থেকে হাতখরচ নিয়ে যেতেন। তার মতো নিরীহ মানুষকে কে মারতে যাবেন কিংবা তার লাশ কীভাবে ম্যানহোলে গেল, তিনি কিছুই বুঝতে পারছেন না।
থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা নানা আলামত সংগ্রহ করেন।
থিম ওমর প্লাজার সিকিউরিটি ইনচার্জ জুবায়ের হোসেন জানান, প্রতিদিন সকালে নিরাপত্তাপ্রহরীরা চারপাশ ঘুরে দেখেন। সকালে রোম্মান নামের একজন নিরাপত্তাপ্রহরী রাজনৈতিক কার্যালয়-সংলগ্ন শৌচাগারের ম্যানহোলের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখেন। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, ম্যানহোলের ঢাকনা অর্ধেকটা খোলা ছিল। তিনি ওই ফাঁক দিয়ে পড়ে গেছেন নাকি কেউ তাকে হত্যা করে ফেলে রেখেছেন, বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ ব্যাপারে সিদ্ধান্তে আসা যাবে। তিনি বলেন, নিহত নয়নাল উদ্দিনের বোন কুলসুম বেগম থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যার অভিযোগ করেছেন। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।