সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় ভৈরব পৌরসভায় নারীবান্ধব পরিষেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একটি উইমেন্স বা মহিলা কর্নার চালু করা হয়েছে। ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু ও প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার জনাব মার্কাস এহমান পৌরসভা প্রাঙ্গনে এই মহিলা কর্নারের উদ্বোধন করেন।
এর মূল উদ্দেশ্য হলো নারীর ক্ষমতায়ন জোরদার করার লক্ষ্য একটি নারীবান্ধব পরিবেশে এই পৌরসভায় বসবাসরত বিশাল নারী জনগোষ্ঠীর জন্য পৌরসেবা প্রাপ্তি আরও সহজতর করা। এই প্রক্রিয়াটি তিনটি ধাপে বাস্তবায়িত হবে, প্রথম ধাপে বিভিন্ন কর্মশালার মাধ্যমে পৌরসেবা প্রাপ্তির ক্ষেত্রে নারীদের উপস্থিতি আরও বাড়ানো হবে, দ্বিতীয় ধাপে পৌরসভার বিভিন্ন কমিটিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন করা হবে, এবং তৃতীয় ধাপে দেশের অন্যান্য পৌরসভায় এই কর্মপ্রক্রিয়া ছড়িয়ে দেয়া হবে।
মহিলা কর্নার উদ্বোধন শেষে ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এই মহিলা কর্নার স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ – যা বিভিন্ন পৌর কার্যক্রম ও সেবা প্রাপ্তিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। তিনি এমন কার্যক্রমে সহায়তার জন্য প্রবৃদ্ধি প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান এই উদ্যোগকে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং জেন্ডার-প্রতিক্রিয়াশীল পরিষেবাগুলির একটি যৌথ কার্যক্রম হিসাবে দেখেন। স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে প্রবৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ভৈরবের মত দেশের অন্যান্য পৌরসভায়ও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ঊল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্টাক্ট-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।