শিগগিরই মুক্তি পাচ্ছে ‘অনুপ্রবেশ’

 

 

মুক্তি পেতে যাচ্ছে তাপস কুমারের প্রথম ছবি ‘অনুপ্রবেশ’। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে এর আগে তিন দফা মুক্তির তারিখ ঠিক করার হলেও বিভিন্ন কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘সম্পূর্ণ মৌলিক কাহিনির সি সিনেমা ‘অনুপ্রবেশ’। যার প্রকরণ বা ধরনের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো নির্মিত হয়নি। ‘অনুপ্রবেশ’-এ রয়েছে বিস্ময়কর তিনটি টাইম ট্রাভেল। এজন্য অনুপ্রবেশ ছবিটা দেখতে দেখতে একজন দর্শক কখনই বুঝতে পারবেন না, এর পরে কী হবে।’

অনুপ্রবেশ একটি একটি বিশ্ব ফেনোমেনা। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা ‘অনুপ্রবেশ’ করছে বাংলাদেশে।  যুদ্ধবিদ্ধস্ত একদল মানুষ ‘অনুপ্রবেশ’ করছে ইউরোপে। একই চিত্র পৃথিবীর নানান প্রান্তে। সেই অনুপ্রবেশের সঙ্গে কি চলচ্চিত্র অনুপ্রবেশের কোনো সম্পর্ক আছে? এর জবাবে পরিচালক ও প্রযোজক তাপস বলেন, ‘আমরা বলে থাকি অমুকেরা অনুপ্রবেশকারী, ওরা আমাদের নয়। কিন্তু এখন যদি বলা হয় এই পৃথিবীতে পুরো মানবজাতিই আসলে অনুপ্রবেশকারী! আমরা সবাই আসলে অনুপ্রবেশকারী! এই তত্ত্বের নেপথ্যে রয়েছে মার্কিন এক গবেষণা রিপোর্ট। সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, এই পৃথিবী মানুষের শরীরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, কারণ পৃথিবীতে মানুষ হলো অনুপ্রবেশকারী। মানুষের পূর্বপুরুষের জন্ম অন্য একটি গ্রহে।’ এই সিনেমায় অভিনয় করেছেন ভারতের বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছেন বাংলাদেশের পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক রুমীর পাশাপাশি অভিনয় করেছেন সম্পূর্ণ নতুন দুটি মুখ আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম। দুটি গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও শুভমিতা।