রূপগঞ্জে বাড়ি বিক্রি না করার শিশু স্বাধীনকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নামমাত্র মূল্যে বসতভিটা বিক্রি না করায় শিশু ওসমান গণি স্বাধীনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। 

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তারা বলেন, শিশুটিকে হত্যার পর মরদেহ যাতে শনাক্ত না হয় এজন্য থেঁতলে দেওয়া হয় তার মুখ, অ্যাসিডে ঝলসে দেওয়া হয় শরীর। এমনকি লাশ গুম করতে হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় বালু নদীতে।

সংবাদ সম্মেলনে নিহত শিশু স্বাধীনের বাবা শাহিনুর রহমান শাহীন বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম গত দুই মাস আগে আমাদের বাড়ি নামমাত্র দামে কিনতে তার বোনকে পাঠান। তার সঙ্গে আরেক জন মহিলাও ছিল। তারা আমাদের বাড়িটি রফিকুল ইসলাম কিনতে চান বলে জানালে আমার বাবা রেজাউল করিম বলেন, বাড়ি বিক্রি করলে আমরা থাকব কই। তার পরও যদি কখনো বিক্রি করি আমি নিজেই রফিকের বাড়িতে গিয়ে দিয়ে আসব, তোমাদের আর কষ্ট করে আসতে হবে না। 

তিনি বলেন, রফিক এলাকায় প্রভাবশালী। তার রয়েছে বিশাল সন্ত্রাসীবাহিনী। তার কারণে হত্যা মামলা না নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে রূপগঞ্জ থানা পুলিশ। সন্তান হত্যার সঙ্গে জড়িতদের বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিশুটির বাবা।