চলছে বিজয়ের মাস। বিজয় উদযাপনে সবার রয়েছে বাড়তি মনোযোগ। বিজয় উদযাপনে সবারই মনোযোগ লাল-সবুজের পোশাকে। দিবস-ভিত্তিক পোশাকের ব্যবহার আমাদের সংস্কৃতিতে যুক্ত করেছেন এ দেশের ফ্যাশন ডিজাইনাররা। বুদ্ধিজীবীরাও মনে করেন, দিবস-ভিত্তিক পোশাকে ধারাটা চালু থাকা জরুরি। এতে করে ফ্যাশনের সঙ্গে মানুষের সরাসরি সংযোগ ঘটে। বিজয় দিবসের সঙ্গে জড়িয়ে আছে আমাদের জাতীয় জীবনেরই বড় প্রাপ্তির ইতিহাস। লিখেছেন ফাতিন আহমেদ।
লাল-সবুজ আমাদের পতাকার রং, আমাদের বিজয়ের প্রতীক। বাঙালির আবেগ, ভালোবাসা, হাসি-কান্না ঘিরে যে শব্দগুলো রয়েছে, তারমধ্যে অন্যতম স্বাধীনতা। দেশীয় ফেব্রিকের নিপুণ ছন্দদ্যোতনায় আবেগ, প্রেম ও ভালোবাসার এক বন্ধনের প্রেক্ষাপট হাজির করেছেন দেশীয় ফ্যাশন ডিজাইনাররা। বাঙালির সম্মুখে মেলে ধরেছেন ভিন্নমাত্রার নতুন আঙ্গিকে রূপায়িত বাংলার এক ফ্যাশন। যা বাঙালির মনকে ছুঁয়ে যায় চেতনায় ও দেশপ্রেমে। এভাবেই ফ্যাশনে বাঙালির ইতিহাস, সংস্কৃতি আর দেশাত্মবোধের স্ফুরণ হয়ে উঠেছে লক্ষণীয়।
ফ্যাশন হাউজের প্রস্তুতি
ফ্যাশন হাউজগুলোও ইতিমধ্যে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কুর্তি, ফতুয়া, স্কার্টসহ শিশুদের বিজয় পোশাক আনতে শুরু করেছে। বিভিন্ন ডিজাইনে লাল-সবুজের মিশ্রণ প্রতিটি পোশাকেই এনেছে ভিন্ন সৌন্দর্য। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিতে এসেছে পরিবর্তন। ফ্যাশনে শুধু সবুজ কিংবা লাল এখন একমাত্র সমাধান নয়। লাল-সবুজের সঙ্গে বিভিন্ন ধরনের ফ্যাশন এলিমেন্ট ও বর্ণনার উপায় যুক্ত করা হয়েছে। ফলে ফ্যাশন হাউজের দিকেই সবার মনোযোগ। পাড়ার টেইলার্সের বদলে ফ্যাশন হাউজের দিকেই সবার মনোযোগ বেশি। বিশেষত ছেলেরা টি-শার্টের ডিজাইনের জন্য ফ্যাশন হাউজের দিকে মনোযোগ রাখছে। আকর্ষণীয় ডিজাইনের এবং অনেক ক্ষেত্রে ব্যান্ডের নামের সঙ্গে যুক্ত হয়েও বিজয়ের টি শার্ট পাওয়া যাচ্ছে।
রাজধানীতে ফ্যাশন চাহিদা সবার
- রাজধানীর বিভিন্ন এলাকাতেই ঘুরলে দেখা যাবে লাল-সবুজ রঙের মাস্ক বিক্রি হচ্ছে। করোনা মহামারির পরও স্বাস্থ্য সচেতনতার তাগিদে অনেকে এখনো মাস্ক ব্যবহারের তাগাদা অনুভব করেন। মাস্ক বাদেও পোশাকে বৈচিত্র্য রয়েছে অনেক ফ্যাশন হাউজে।
- ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করার দিকে অনেক ফ্যাশন হাউজ মনোযোগ দিয়ে রেখেছে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজ ইত্যাদি। পোশাক অলংকরণে সহযোগী রং হিসেবে আছে সবুজের নানা শেড, সাদা, টিয়া ও গোল্ডেন হলুদ। শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, কুর্তা, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের নানা স্লোগান এবং লাল-সবুজ রং।
- পোশাকে ব্যবহার করা হয়েছে মোটা সুতি ও খাদি কাপড়। করা হয়েছে টাইডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, ক্যাটওয়াক ও স্ক্রিন প্রিন্ট।
- শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, হ্যান্ড পেইন্ট, টাইডাই প্রভৃতি।
- নতুন পোশাকে নিজেকে রাঙাতে ব্যস্ত সবাই। নারীদের কানের দুল, চুরি, ক্লিপ, গলার মালাসহ নানা প্রসাধনী কেনার দিকেও বাড়তি আগ্রহ দেখা গেছে।
- বিজয়ের এবারের মাসে শীত পড়েছে আচমকা। এই শীতে অনেকে লাল-সবুজের শাল বা চাদর কেনার ব্যাপারেও দেখাচ্ছেন আগ্রহ।
পোশাকের জগতে আসছে পরিবর্তন। তবে এত বড়ও নয়। কিন্তু বিজয়ের মাসে হিম হিম উত্সবের আয়োজনে বিজয় উদযাপনের সুযোগ এবারও হাতছাড়া হবে না।