বই পথপ্রদর্শক, জীনবকে সুচারুরূপে চিনায় শিখায় সুন্দরভাবে সাজায়। সময়ের প্রয়োজনে বইকেই এখন চেনানোর- শেখানোর কাজে মহত্ত্ববানদেরই ব্রত হতে হয়। এমনি মহতি এক উদ্দ্যোগ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইতে ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় উৎসব ও বইমেলার আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট।
জ্ঞানের - মননের খোরাক যোগাতে মধ্যপ্রাচ্যে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে জনকূটনীতি সম্প্রসারণের বিষয় বিবেচনায় রেখে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপনে দ্বিতীয়বারের মতো তিনদিন ব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে।
১৫, ১৬ ও ১৭ ডিসেম্বরের এ আয়োজনে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টায় অনুষ্ঠান উদ্বোধন করেছেন অধ্যাপক ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
দ্বিতীয়বারের এই বইমেলায় আমিরাতসহ বিভিন্ন দেশের কবি সাহিত্যিক উপস্থিত থাকার কথাও জানান কনসাল জেনারেল। থাকছে স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তিনি বলেন, বইমেলায় প্রতিদিন স্থানীয় ও দেশী – বিদেশী খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বইয়ের আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার, আলোচনাসভাসহ বিভিন্ন সৃজনশীল, শিক্ষামূলক অনুষ্ঠান ও বাচ্চাদের জন্য প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
গতবছর বইমেলায় অংশ নিয়ে প্রবাসীরা দাবি তুলেছিলেন প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত থাকে। প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ও প্রবাসীদের মাঝে বাংলা সাহিত্যের আলো প্রসারিত করার লক্ষ্যে আবারও এই বইমেলার আয়োজন করা হয়েছে।
মেলায় সর্বমোট ৭০টি স্টল তৈরি বাবদ যা খরচ হবে তাই ভাড়া নির্ধারণ করা হবে বলে বি.এম. জামাল হোসেন জানান।
পাঠক সমাজ, বই প্রেমী, সুধীজন, সুহৃদ তরুণ সমাজ, যুব সমাজসহ সব বয়সী সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে সপরিবারে বন্ধু-বান্ধবসহ মেলায় আসার উদাত্ত আহবান জানান বিএম জামাল হোসেন।