g এনডিটিভি
ভারতের জম্মু-কাশ্মীরের কিস্তুয়ার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পাহাড়ের ওপর থেকে খাদে পড়ে ৩৩ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টায় ডোডা পার্বত্য এলাকার শিড়গওয়ারির কাছে এ দুর্ঘটনা ঘটে।
কিস্তুয়ারের ডেপুটি কমিশনার আংরেজ সিং রানা জানিয়েছেন, কেশ্বান থেকে কিস্তুয়ারে যাওয়ার পথে ডোডা পার্বত্য এলাকার শিড়গওয়ারির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়। এ ঘটনায় ৩৩ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর উদ্ধার অভিযান চলছে।
এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ হিসেবে ডোডা পার্বত্য এলাকার খারাপ রাস্তা, বাসটিতে অতিরিক্ত যাত্রী এবং বাসের দ্রুতগতিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের জ্যেষ্ঠ রাজনীতিবিদ মেহবুবা মুফতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।