অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত পাকিস্তান 

পার্থ টেস্টে পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনেই ৩৬০ রানের জয়ে বিশাল জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অজিরা। প্রথম ইনিংসের ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৪৮৭ রানে অলআউট হয় অজিরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। 

২১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৫ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৪৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজি বোলারদের তোপের মুখে মাত্র ৮৯ রানে অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওসমান খাজা ও মিচেল মার্শের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। খাজা ১৯০ বলে ৯০ রান করেন। মার্শ ৬৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন।

৪৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে পড়ে পাক ব্যাটাররা। মাত্র ৫৬ রানে ৫ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর বিপর্যয় সামাল দিতে ব্যর্থ হয় পাকিস্তান। 

ফাহিম আশরাফকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ৫০০তম উইকেটের দেখা পান অজি স্পিনার নাথান লিওন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ ওভার ২ বলে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের দেখা পান। 

ইমামুল হক ২০ বলে ১০, বাবর আজম ৩৭ বলে ১৪ ও সৌদ শাকিল ৫১ বলে ২৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড নেন ৩টি করে উইকেট।