স্পোর্টস ডেস্ক
অনেক বিতর্কের জন্ম দিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন তিনি। বিরাট কোহলি বলেছিলেন, বিশ্বকাপে চার নম্বর পজিশনে ভরসা হতে যাচ্ছেন তিনি। অলরাউন্ডার বিজয় শঙ্কর অবশ্য সেই ভরসার প্রতিদান দিতে পেরেছেন সামান্যই।
তিনটি ম্যাচে অংশ নিয়ে যথাক্রমে অপরাজিত ১৫, ২৯ ও ১৪ রান সংগ্রহ করেছেন তিনি। সেই হতাশার সঙ্গে এবার বিশ্বকাপটাই বড় দুঃস্বপ্ন হয়ে রইল তার জন্য। ইনজুরির কারণে বিশ্বকাপ দল থেকেই এবার ছিটকে গেলেন তিনি।
তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন কর্ণাটকের ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। ভূতুড়ে কায়দায় ইংল্যান্ডের বিপক্ষে গেল রবিবার ম্যাচের আগে ইনজুরিতে পরেন বিজয়। নেটে জাসপ্রিত বুমরাহর এক ইয়র্কার তার পায়ের পাতায় আঘাত হানে। আর এটাই তাকে ছিটকে দিল ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তার।
বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বদলির আবেদনে আইসিসির টেকনিক্যাল কমিটি ইতিবাচক সারা দিয়েছে। তাই আগারওয়াল এরই মধ্যে ইংল্যান্ডের বিমানে উঠেছেন। আর বাধ্য হয়ে বাড়ি ফিরে আসছেন শঙ্কর। আগারওয়াল ভারতীয় দলের সঙ্গে বার্মিংহ্যামে যোগ দেবেন।
গেল ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আগারওয়ালের। যদিও, এখন অবধি ৫০ ওভারের ফরম্যাটে ভারতের জার্সি পরার সুযোগ পাননি তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে কর্ণাটকের হয়ে ২০১২ সাল থেকে ৪৮.৭১ গড়ে তিনি করেছেন ৩৬০৫ রান। মায়াঙ্ক মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। কে জানে, অফ ফর্মে থাকা লোকেশ রাহুলকে বসিয়ে হয়তো তাকে বিশ্বকাপেই একটা সুযোগ দিয়ে দেখবে ভারতের টিম ম্যানেজমেন্ট।
এখানকার এজবাস্টনে আজ বাংলাদেশের মুখোমুখি হবে বিরাট কোহলির দল। তবে, এই ম্যাচের একাদশে আগারওয়াল বিবেচিত হবেন না। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিজয় শঙ্করের জায়গায় খেলেছেন ওপেনার শিখর ধাওয়ানের বদলি হিসেবে উড়ে আসা ঋষভ পান্ত। খেলেছেন চার নম্বরে। বিশ্বকাপে প্রথম ম্যাচ বিবেচনায় তার পারফরমেন্সও মন্দ নয়। ফলে, বাংলাদেশের বিপক্ষেও খেলবেন পান্ত। তবে, জায়গা হারাতে পারেন কেদার যাদব। তার পরিবর্তে খুব সম্ভবত আজ একাদশে ঢুকে যাবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
এরপর ছয় জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। সাত ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ১১। এর অর্থ হলো আগামী দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে একটিতে জিততেই হবে ভারতকে।
এর আগে রবিবার চলতি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখল ভারত। ওপেনার জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সুবাদে ভারতকে ৩১ রানে হারায় ইংল্যান্ড। ফলে, বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল স্বাগতিক ইয়ন মরগ্যানের দল। এই জয়ে আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো ইংলিশরা।