বারবার সুযোগ পেয়েও ব্যর্থ ‘সৌম্য’

বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরে সবার নজর সৌম্য সরকারের দিকে। কারণ তাকে রঙিন পোশাকের স্কোয়াডে যুক্ত করার পর থেকেই জন্ম নেয় সমালোচনা। মূলত ঘরোয়া ক্রিকেটে কিংবা বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া কিউদের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে সৌম্যর ব্যর্থতার পর তাকে দলে দেখে সবাই খানিকটা অবাক হয়েছিল।

সেসময় অনেকে তো তাকে টাইগার হেড মাস্টার চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিক্ষার্থী বলে দলে জায়গা পেয়েছে বলেও মন্তব্য করেন স্কোয়াড ঘোষণার পর। যদিও তখন নির্বাচকরা  জানিয়েছিল অভিজ্ঞতার কারণেই তিনি দলে সুযোগ পেয়েছেন। এরপর ম্যাচের আগের দিন দলের তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন সাকিব আল হাসানের অভাব পূরণ করতে পারেন সৌম্য সরকার। তবে সবাইকে হতাশ করে আবারও ব্যর্থ হয়েছেন সৌম্য।

গতকাল নিউজিল্যান্ডের ডানডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচেই সুযোগ পেয়েই বল হাতে ছিলেন দলের সবচেয়ে খরুচে (৬ ওভারে ৬৩)। এরপর ফিল্ডিংয়ে ছেড়েছেন ক্যাচও এতটুকু হলেও হতো। কিন্তু তিনি তো ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ।

ওপেনিংয়ে নেমে তিন বল খেলে শূন্য রানেই সাজঘরের পথ ধরেন তিনি। ইনিংসের চতুর্থ বলে অ্যাডাম মিলনের সুইং বল বেরিয়ে যাচ্ছিল। খোঁচা দিয়ে বসেন সৌম্য। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে। এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে তার সবশেষ ৫ ম্যাচে তিন বার শূন্য রানে আউট হলেন তিনি। এছাড়া দুই মাস আগে মিরপুরেও এই নিউজিল্যান্ডের বিপক্ষে ২ বলে শূন্য রান করে আউট হয়েছিলেন সৌম্য।

যদিও সৌম্যর এমন ব্যর্থতার পরও ম্যাচ শেষে তার পাশে দাঁড়িয়ে টাইগার আরেক ওপেনার এনামুল হক বিজয়। সংবাদ সম্মেলনে বিজয়ের কাছে জানতে চাওয়া হয় সৌম্য সরকারের ব্যর্থতা নিয়ে। জবাবে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘একজন খেলোয়াড়কে নিয়ে আরেক খেলোয়াড়ের মন্তব্য করাটা ঠিক হবে না। আমি মনে করি, ম্যানেজমেন্ট ভালো বুঝবে। একজন খেলোয়াড় হয়ে আরেক জনকে সাপোর্ট করব। এটা একদম ভেতর থেকে আসে, যেই আসুক। সবাই তাকে পুরো সাপোর্ট দেবে। খেলোয়াড় হিসেবে প্রতিটা খেলোয়াড়কে সমর্থন দেওয়া আমাদের দায়িত্ব।’

এরপর সৌম্যর বোলিং নিয়ে তিনি আরো বলেন, ‘ম্যানেজম্যান্ট তাকে নিয়ে আশা করেছিল। সে হয়তো ভালো করেনি, কিন্তু তাকে নিয়ে আশা ছিল সে ভালো করবে। কোনো সিদ্ধান্তই ভুল না, আবার অনেক সময় কোনো সিদ্ধান্ত সঠিক নয়। তো আমি মনে করি, এটা হতে পারত একটা সঠিক সিদ্ধান্ত। ও (সৌম্য) যেভাবে ঘরোয়া ক্রিকেটে বল করে, উইকেট বের করে ফেলে সেট ব্যাটসম্যানের। সেটা হয়তো আশা করা হয়েছিল তবে সফল হয়নি। এদিকে এই ম্যাচের আগে সবশেষ ১৬ ওয়ানডে ইনিংসে তার ফিফটি স্রেফ ১টি। ঘরোয়া ক্রিকেটে সাদা বলের কোনো টুর্নামেন্টেই তিনি রান করেননি।