ঢাকায় আফগান ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার

দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলতে গতকাল ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ঠিক এক মাসের এক সফরে অংশ নেবে আফগানরা।

বাংলাদেশ ‘এ’ দলে কারা কারা থাকছেন, এ নিয়ে নানা ধরনের গুঞ্জন চলছে। বিসিবিরই কিছু সূত্র জানিয়েছে, এই দলে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়ের মতো জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়রা থাকবেন। কিন্তু গতকাল পর্যন্ত এই লম্বা সফরের জন্য স্বাগতিক দল ঘোষণা করা হয়নি।

গতকাল ঢাকায় পৌঁছানো আফগানিস্তান দল আজ চলে যাবে খুলনায়। সেখানকার শেখ আবু নাসের স্টেডিয়ামে জুলাইয়ের ৫ তারিখ থেকে অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে ১২ জুলাই থেকে অনুষ্ঠিত হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

চট্টগ্রামেই ১৯, ২০ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম তিনটি এক দিনের ম্যাচ। এরপর দুই দল চলে আসবে ঢাকায়। বিকেএসপিতে ২৭ ও ২৯  জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ও পঞ্চম এক দিনের ম্যাচ।