সাঙ্গু থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত দুই ব্যক্তিকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যা গত রবিবার বিকালে উপজেলার নলুয়া ইউনিয়নের দুটি স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও ড্রেজার মেশিনগুলো বিকল করে দেন।

সাতকানিয়া উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রথমে নলুয়ার মরফলা বাজারের পশ্চিম পার্শ্বে সাঙ্গু নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া ভূতার চর ভূয়াগাছিয়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. মনিরকে (৩৬) আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে, একই ইউনিয়ন হাজারীর চর শ্যাম মুহুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহূত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেয়া হয়। বালু উত্তোলনে জড়িত চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকার হাজী আবদুল মালেকের ছেলে মো. আবদুল মজিদকে (৪২) আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, সাঙ্গু নদীর ইজারাবিহীন স্থান থেকে বালু উত্তোলনের দায়ে দুব্যক্তির    কাছ থেকে দেড়লাখ টাকা জরিমানা আদায় করা হয়।