স্পেনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে যথাযথ  মর্যাদায় “আন্তর্জাতিক অভিবাসী দিবস” উদযাপন করা হয়েছে এ উপলক্ষে স্পেন থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে শীর্ষস্থানীয় ব্যক্তি দিদারুল আলম ও দুটি প্রতিষ্ঠানকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক”প্রদান করা হয়। এতে স্পেনে আমানাহ মানি ট্রান্সফার কে প্রথম ও ভিক্টরি মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলস দ্বিতীয় স্থান অর্জন করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ​​​“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার ​​​সমুন্নত রাখবো তাদের অধিকার”। ১৮ ডিসেম্বর(সোমবার) দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে শ্রম উইং মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, স্পেন প্রবাসী অভিবাসী কর্মী, তাদের সুহৃদ ও পরিবারের সদস্যরা অভিবাসন কার্যক্রম ও কল্যাণে যুক্ত সব জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উন্নয়নের সিঁড়ি বেয়ে। দেশের সার্বিক এই অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের ও রয়েছে অসামান্য অবদান। স্পেনে বসবাসরত প্রায় ৬০ হাজার প্রবাসী তাদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছেন।

স্পেন প্রবাসীরা যেন দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন এবং পুলিশ ক্লিয়ারেন্স যেন তারা সহজে পান সেজন্য দূতাবাস আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন বলে তিনি সকলকে অবহিত করেন তিনি।

এসময় বক্তব্য দেন স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল, অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান প্রমুখ।