জিততে পারলে অনেক বেশি স্পেশাল হতো: সৌম্য

দীর্ঘদিন পর দলে ডাক পেয়ে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি। তবে সৌম্যের সেই ইনিংস বৃথা করে টানা দ্বিতীয় জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। সেঞ্চুরি করে বেশ খুশি এই টাইগার ওপেনার। তবে জিততে পারলে অনেক বেশি স্পেশাল হতো বলে জানিয়েছেন সৌম্য।

ম্যাচ শেষে সৌম্য বলেন, 'সেঞ্চুরি করতে পারায় খুশি কিন্তু দল না জেতায় হতাশ। যদি জিততে পারতাম তাহলে এটা অনেক বেশি স্পেশাল হতো। পাওয়ার প্লেতে যদি আমরা তিন উইকেট না হারাতাম তাহলে ভিন্ন হতো। আমরা মাঝে জুটি পেয়েছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে মিরাজ-মুশফিকের উইকেট হারিয়েছি। যদি তা না হতো তাহলে বড় পুঁজি হতে পারত।'

তিনি আরও বলেন, 'আমি অনেকদিন পর দলে এলাম, আমরা নেটে কঠোর পরিশ্রম করছি। খুব বেশি চিন্তা করিনি। শুধু বল দেখেছি আর নিজের খেলাটা খেলেছি।'