এনজিও খাতে কাজ পেতে ভালো যোগাযোগ দক্ষতা জরুরি। তাই শিক্ষার্থীদের জন্য ভালো যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং ও ভলান্টিয়ারিং বেশ গুরুত্বপূর্ণ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এ কথা জানান।
বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন বিভাগ 'ক্যারিয়ার অপরচুনিটিজ ফর মিডিয়া এন্ড জার্নালিজম স্টুডেন্টস ইন দ্যা এনজিও এন্ড ইউএন সিস্টেমস' শীর্ষক জেম্যাস সেমিনার সিরিজের তৃতীয় পর্ব আয়োজন করে। সেখানে মিডিয়া ও সাংবাদিকতার শিক্ষার্থীরা এনজিও খাতে কীভাবে ক্যারিয়ার গড়তে পারে, তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনায় এনজিও খাতের চাকরির বিবর্তন, ক্যারিয়ার তৈরিতে প্রয়োজনীয় দক্ষতা ও কীভাবে সেগুলো তৈরি করা যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের জন্য বিস্তর আলোচনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশ'র হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম। তিনি শিক্ষার্থীদের জন্য ভালো যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, ভলান্টিয়ারিং গুরুত্বপূর্ণ বলে মতামত দেন।
অনুষ্ঠানে ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান উন্নয়ন সেক্টরে কাজ করতে আগ্রহীদের জন্য 'কেন এই সেক্টরে কাজ করতে চান' - তার উত্তর থাকাটা জরুরি বলে মরে করেন। কারণ তার মতে, এই 'কেন'র উত্তরই একজনকে তাড়িত করবে ভালো কাজ করার, ভালো করার। তিনি মনে করেন, মানুষের জন্য কাজ করার মধ্যে, জনকল্যাণেই সত্যিকারের আনন্দ এবং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। তিনিও ভালো যোগাযোগ দক্ষতা, কার্যকর নেটওয়ার্কিং, ক্যাপাসিটি তৈরি ও সুনিপুণ সিভির ওপর গুরুত্ব দেন।
ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান ও বিশেষ অতিথি ছিলেন এমএমসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। ওয়েবিনার পরিচালনা করেন এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার।