যশোরে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল

যশোরের ৬টি সংসদীয় আসনে ৬৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় স্বাক্ষর ও দলীয় মনোনয়ন না থাকা, আয়কর রিটার্ন দাখিল না করা, ঋণ খেলাপি এবং আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়ায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। এরমধ্যে বিএনপি, জাতীয় পার্টি, বিকল্পধারা, স্বতন্ত্র, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছে।  বাতিলের তালিকায় যশোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা রয়েছেন। বৈধ ঘোষণা করা হয়েছে ৪০ জনকে। মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে রোববার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

যশোর কালেক্টরেট সভাকক্ষে রোববার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। রিটার্নিং অফিসার আবদুল আওয়াল বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে।

যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র (জামায়াত) আজিজুর রহমান, জাকের পার্টির সাজেদুর রহমান ডাবলুর মনোননয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে দুনীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বিএনপি মনোনীত সাবিরা সুলতানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবিএম আহসানুল হক আহসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক শতাংশ ভোটারের শর্তপূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহ আয়কর জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও জাকের পার্টির হাজী মহিদুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী, বিএনএফ’র আবদুল্লাহ আল মাসউদ, গণফোরামের এম আছাদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে তিনি দলীয় মনোনয়নের কাগজ জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে ইসলামী আন্দোলনের মফিজুল আলম, বিএনএফ’র প্রশান্ত বিশ্বাস, জেএসডি’র সৈয়দ বিপ্লব আজাদ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়ন) আসনে ঋণখেলাপির দায়ে বিকল্পধারা বাংলাদেশের এম নাজিম উদ্দিন আল আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির মো. আলী জিন্নাহ, জাকের পার্টির লিটন মোল্লার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ নেতা  স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বারী স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের শর্তপূরণ না করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও বিএনপির দলীয় মনোনয়ন না থাকায় মোহাম্মদ মুসা, আয়কর না দেওয়ায় জাকের পার্টির রবিউল ইসলাম, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ইসলামী আন্দোলনের ইবাদুল ইসলাম খালাসী, আয়কর না দেওয়া জাগপা’র নিজাম উদ্দিন অমিতের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যশোর-৬ (কেশবপুর) আসনে আয়কর না দেওয়ায় জাকের পার্টির সাইদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ও বিএনএফ’র প্রশান্ত বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ