গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গণফোরামের

ইত্তেফাক রিপোর্ট

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ আখ্যায়িত করে তা দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গণফোরাম। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই দাবি জানায়।

বিবৃতিতে গণফোরাম বলেছে, যে হারে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য গ্যাসের দাম বাড়িয়ে জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোত্পাদনে খরচ বাড়বে। গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করল যে তারা জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে না। দেশের মানুষের বুঝতে বাকি নেই যে এই জনপ্রতিনিধিবিহীন সরকার জনগণের কষ্ট গ্রাহ্য করে না।