অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান বইফেরী ডট কম এর ২য় জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করেছে ‘বইফেরী জন্মোৎসব ও বেস্টসেলার অ্যাওয়ার্ড- ২০২৩’। এ আয়োজনে ‘সৃজনশীল’, ‘মননশীল’, 'অনুবাদ' ও 'ইসলামিক' বিভাগে নির্বাচন করা হয়েছে বেস্টসেলার বই, লেখক ও প্রকাশনী। পাশাপাশি বইকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার সামাজিক অবদান-স্বরূপ 'বইয়ের শহর' ফেসবুক গ্রুপকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।
২২ ডিসেম্বর শুক্রবার বিকালে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইফেরী ডট কম এর চেয়ারম্যান রাশেদুল আলম এর সভাপতিত্বে চমৎকার এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, অতিরিক্ত কমিশনার (বাংলাদেশ কাস্টমস) ও গোয়েন্দা লেখক অরুণ কুমার বিশ্বাস, কথাসাহিত্যিক ও মনোশিক্ষাবিদ মোহিত কামাল ও বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক খুরশীদ আলম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইফেরী ডট কম এর টিম লিডার হাসানুল হক পায়েল। সৃজনশীল ও মননশীল বিভাগে লেখক হিসেবে পুরস্কার পেয়েছেন- মোশতাক আহমেদ, ইকবাল বাহার, লতিফুল ইসলাম শিবলী, ওয়াহিদ তুষার, গাজী মিজানুর রহমান, মুহম্মদ আনোয়ার হোসেন ফকির। ইসলামিক ও অনুবাদ বিভাগে পেয়েছেন- আরিফ আজাদ, ডা. শামসুল আরেফীন, মিরাজ রহমান, অনীশ দাস অপু, প্রিতম মুজতাহিদ ও এ. এস. এম. রাহাত। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া বইয়ের মধ্যে রয়েছে- একজন তারা মিয়া, লাভ ইট অর লিভ ইট, আমাদের ঠিকানা বদলে গেছে, বক্তৃতা দিতে শিখুন, স্বপ্ন ও সফলতা, পাসপোর্ট টু গ্রামার। ইসলামিক ও অনুবাদ বিভাগে রয়েছে- কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ, রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ, ওপারেতে সর্বসুখ, হাউ টু টক টু এনিওয়ান, ডোপামিন ডিটক্স, মাস্টার ইয়োর ইমোশনস। সৃজনশীল ও মননশীল বিভাগে পুরস্কার পাওয়া প্রকাশনীর মধ্যে রয়েছে- আদর্শ, তাম্রলিপি, নালন্দা, কেন্দ্রবিন্দু, দাঁড়িকমা, অদম্য প্রকাশ। ইসলামিক বিভাগে রয়েছে- সমকালীন প্রকাশন, সত্যায়ন প্রকাশন, গার্ডিয়ান পাবলিকেশনস। অনলাইনে বই কেনা-বেচার আদর্শ একটি মার্কেটপ্লেস 'বইফেরী ডট কম'।