চট্টগ্রাম অফিস
উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধকালীন ইস্টার্ন জোনের চেয়ারম্যান এবং স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার শ্রম, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৪৫তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, ত্যাগ ও আপসহীনতার রাজনীতিতে জননেতা জহুর আহমদ চৌধুরী আমাদের আদর্শিক বিশ্বাসের শিকড়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরীর পুত্র মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ও সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষসহ প্রমুখ।