ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণচেষ্টায় মাদ্রাসা সুপার গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহপরিচারিকাকে ধর্ষণ চেষ্টার দায়ে আজিজুর রহমান নামের এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

আজিজুর রহমান রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত। এ ঘটনায় এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, উপজেলার হোসেনগাঁও গ্রামের দিন-মজুরের নাবালিকা মেয়ে অনেকদিন ধরে ঐ মাদ্রাসা সুপারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল। সম্প্রতি মাদ্রাসা সুপারের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে মেয়ের মা বাদী হয়ে আজিজুর রহমানকে আসামি করে থানায় মামলা করেন।