অসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে এবার বাবার জন্য ভোট চাইতে নেমেছেন তার সন্তান সাদমান শাহরিয়ার।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় থেকে তিনি লোকজনের কাছে নৌকা মার্কায় ভোট চাওয়াসহ তার বাবার জন্য দোয়া চান।
নির্বাচনী প্রচারণায় নেমে সাদমান শাহরিয়ার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যতটুকু জানি, আমার বাবা চারঘাট-বাঘার মানুষকে খুব আপন করে নিয়েছেন। তিনি সবসময় একটি কথায় আমাদের বলে আসছেন, বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন চারঘাট-বাঘার মানুষের পাশে থেকে খেদমত করে যাবেন। বাবার এই কথা শুনে আমার খুব ভালো লেগেছে। এ কারণে আমি আপনাদের মাঝে এসেছি।
সাদমান বলেন, আমি গত বছর বিদেশ থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছি। ১৫ বছর যাবত আমার বাবা আপনাদের সঙ্গে আছেন। সুখে-দুঃখে সব সময় পাশে পেয়েছেন। আমার বাবা আপনাদের এলাকায় যে উন্নয়ন করেছেন, তা আপনারা জানেন। তাই আমার চাওয়া আপনারা সবাই আমার বাবাকে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আগামীতে আমি এলাকায় এলে আপনাদের সঙ্গে ফের দেখা করতে আসব। তার এ কথা শুনে ভোটাররা খুশি হন এবং নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় শাহরিয়ার আলমের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুসহ অনেকে।