কোটা পূরণ ও হজযাত্রী নিয়ে জটিলতা নিরসনে ১০ শতাংশ হজযাত্রী ’রিপ্লেসমেন্ট’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে রেজিস্ট্রেশন করেও যারা কোনো কারণবশত হজে যেতে পারবেন না, তাদের স্থানে হজে যেতে ইচ্ছুক অন্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে পারবেন বেসরকারি এজেন্সিগুলো।
ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, চলতি হজে বাংলাদেশের নির্ধারিত কোটা যাতে অপূর্ণ না থাকে সেজন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য হজ এজেন্সিগুলোকে রিপ্লেসমেন্ট করার জন্য তাদের নিজস্ব প্যাডে হজ অফিসের পরিচালক বরাবরে আবেদন করতে হবে। বাংলাদেশ থেকে এই বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন এবং ৫৬ হাজার ৪০১ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। অন্যরা যাবে সাউদিয়া এয়ারলাইন্সে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ইত্তেফাককে বলেন, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে আমরা রিপ্লেসমেন্ট করার দাবি নিয়ে বৈঠক করেছি। সরকার আমাদের দাবি মেনে নিয়েছে।
এদিকে, হজযাত্রীদের জন্য উত্তরার আশকোনায় হজ ক্যাম্প খুলে দেওয়া হয়েছে গতকাল থেকে। হজযাত্রীদের আগমনে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর হয়ে উঠেছে হজক্যাম্প। আগামী পরশু বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হজ ক্যাম্পে চলতি বছরের হজ-কার্যক্রম উদ্বোধন করতে পারেন। প্রথমবারের মতো এ বছর কিছু ফ্লাইটের জেদ্দা বিমান বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। এজন্য সৌদি আরবের একটি ইমিগ্রেশন টিম ঢাকায় এসেছেন।
হজ ক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম বলেন, হজযাত্রীদের সব ধরনের সেবা দিতে প্রস্তুত হজ ক্যাম্প। এক বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, নির্ধারিত সময়ে, নির্বিঘ্নে হজ-ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মৌসুমের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-৩০০১) ৪ জুলাই সকাল ৭টা ১৫ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
জানা যায়, ৪ জুলাই দিনে ফ্লাইট বিজি-৩১০১ বেলা ১১টা ১৫ মিনিটে, বিজি-৩২০১ বেলা ৩টা ১৫ মিনিটে, বিজি-৩৩০১ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ১৫ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম ও সিলেট থেকে এ বছর ১৯ ও ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব জাহান খান বলেন, এ পর্যন্ত ৬২ হাজার ৫০০ হজ টিকিট বিক্রি হয়ে গেছে। মাত্র এক হাজার টিকিট বিক্রি বাকি আছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে। ইতিমধ্যেই ৯৯ শতাংশ টিকিট বিক্রি শেষ।