ফাইনাল ভুলে সামনের দিকে তাকাতে চায় ভারত

গেল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায় ভারত। এরপর থেকেই দলের বাহিরে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। হারের শোক কাটাতে ক্রিকেট থেকে একেবারেই গা-ঢাকা দিয়েছিলেন এই দুই ক্রিকেটার।

অবশেষে মাঠে ফিরছেন তারা। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে গতকাল রোহিত-কোহলি দুই জনই অনুশীলনে গা গরম করেছেন। বলা যায় দুই জনকেই দেখা যাবে এই ম্যাচে। কারণ প্রোটিয়াদের বিপক্ষে দীর্ঘ ৩১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই এই সিরিজটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এমন ম্যাচের আগে গতকাল ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানালেন তারা ফাইনাল হারের স্মৃতি ভুলে সামনের দিকে তাকাতে চান। এ প্রসঙ্গে বলেন, ‘ফাইনাল আমাদের কাছে অতীত। হ্যাঁ, হতাশাজনক ছিল ব্যাপারটা। কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। এখন আমাদের সামনে নতুন কিছু রয়েছে। ক্রিকেটারেরাও সব পেরিয়ে এসেছে। ছোটবেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। যেমন আউট হলেই সবাই হতাশ হয়। কিন্তু আরো একটা ইনিংস হাতে থাকে। পরের ইনিংসে ভালো খেলতে হয়। ক্রিকেটার হিসেবে কখনো অতীতের হতাশা বয়ে বেড়ানো উচিত নয়। কীভাবে সেটা সামলাতে হবে সেটা দেখা উচিত। না হলে পরের ম্যাচে প্রভাব ফেলবে। ছেলেরা হতাশ ছিল। কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের দিকে তাকাতে চাই।’

এসময় দ্রাবিড় আরো জানিয়েছেন, টেস্ট সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের নতুন করে অনুপ্রাণিত করার দরকার নেই। কারণ, প্রত্যেকেই পেশাদার। তাই ঘুরে দাঁড়িয়ে তারা এগিয়ে যেতে জানেন। বলেন, ‘কারোর মধ্যে অনুপ্রেরণার অভাব দেখিনি। দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করা, এখানে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাওয়া বিরাট ব্যাপার। তাই অনুপ্রেরণার অভাব কারো মধ্যে নেই। আমি এখানে অনুপ্রাণিত করতেও আসিনি।’