‘আওয়ামী লীগের মার্কা ট্রাক’ আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল

‘এবার আওয়ামী লীগের মার্কা ট্রাক’ বক্তব্যের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের ট্রাক প্রতীকে ভোট চাওয়ার সময় এ কথা বলেন হিমু।

‘আমি বলেছি আওয়ামী লীগের অনুমোদিত প্রতীক ট্রাক। এডিট করে আমার বক্তব্য প্রচার করা হয়েছে’
- হুমায়ুন কবির হিমু
সভাপতি, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও
সদস্য, গাজীপুর জেলা আওয়ামী লীগ

ভাইরাল হওয়া ভিডিওতে সম্প্রতি শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট চাইতে গিয়ে এ মন্তব্য করতে দেখা যায় তাকে। ভোটাররাও প্রশ্ন করেন এই প্রতীক কে পরিবর্তন করেছেন? তখন তিনি দাবি করেন, ‘শেখ হাসিনা নিজেই পরিবর্তন করেছেন।’

জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দলের দায়িত্বশীল পদে থেকে নেতাকর্মীদের বিভ্রান্ত করার মতো এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বক্তব্যে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে ও বঙ্গবন্ধু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা হয়েছে।’

আত্মপক্ষ সমর্থন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন, ‘আমি বলেছি আওয়ামী লীগের অনুমোদিত প্রতীক ট্রাক। এডিট করে আমার বক্তব্য প্রচার করা হয়েছে।’