কলেজের প্রথম দিনেই ঘাতক ট্রাক কেড়ে নিল নয়নের প্রাণ

জীবনে প্রথম কলেজে ক্লাস করতে সাইকেল নিয়ে কলেজে যাওয়ার জন্য গতকাল দুপুর ১২টায় কামরুজ্জামান নয়ন (১৬) বাড়ি থেকে বের হয়। কিন্তু কলেজে যাওয়ার আগেই বেলা ১টায় তার প্রাণ কেড়ে নিল ট্রাক। ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি পৌর শহরে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। নয়ন পার্বতীপুর উপজেলার চেঁচেয়া আনন্দবাজারের আমিনুল ইসলামের ছেলে ও পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করে ফুলবাড়ি শহিদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখায় ভর্তি হয়। এছাড়াও বিভিন্ন স্থানে দুই শিক্ষক ও সাবেক সেনাসহ সড়কে নিহত হয়েছে আরো ১২ জন।

গতকাল ভালুকা উপজেলার মেহেড়াবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপ দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তিনজন নিহত হয়। এরা হলেন—মাছ ব্যবসায়ী নেত্রকোনা জেলার  মহনগঞ্জ উপজেলার তাহের (৪৫), বাবলু (২২) ও মহনগঞ্জ উপজেলার পিকআপ চালক তাউজুদ্দিন। চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারের কাছে পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে গতকাল তহিদুল ইসলাম (৪০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি রামগঞ্জ উপজেলার জয়পুরা এস আর এম এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। দুর্ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীরা পিকআপটি ভাঙচুর করে। অপরদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। তিনি বালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নুরপুর কাঠালতলীতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদ জমির (৬৫) পিকআপভ্যান চাপায় নিহত হন। সালেহ অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর নায়েক ছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মো. বাবুল মিয়া (৬০) নামে এক অটোচালক নিহত হন। তিনি ডেমরার হাজীনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষুব্ধ অটোচালকরা ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের ড্যানিশ এলাকায় রাস্তায় আগুন জালিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

একইদিন নাটোরের বড়াইগ্রামে আহম্মেদপুরে ট্রাক চাপায় আব্দুল গফুর (৬০) নামে এক ভ্যানচালক ও পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। চট্টগ্রাম নগরীতে যাত্রী তোলার জন্য দুই বাসের প্রতিযোগিতায় নিহত হয়েছেন একজন বাস হেলপার। গতকাল চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাস হেলপারের মো. ইউসুফ (৩৫) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার টুমচর এলাকার আব্দুল লতিফের পুত্র।  বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা বেগম (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মনোয়ারা পশ্চিম বিশারীঘাটা গ্রামের মৃত আব্দুল মজিদ খানের স্ত্রী। ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায়  অপু (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত ও দুইজন আহত হয়েছে। অপু কালীগঞ্জ পৌরসভার নজু বিশ্বাসের ছেলে ও যশোর নজরুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্র। (ইত্তেফাকের চট্টগ্রাম অফিস ও স্থানীয় সংবাদদাতাদের পাঠানো খবরের আলোকে প্রতিবেদনটি লেখা হয়েছে।)