আব্দুর রাজ্জাকের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক পানিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) শরীয়তপুরর ভেদরগঞ্জ উপজেলার এমএ রেজা কলেজের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও ষাটের দশকের ছাত্রনেতা আবদুর রাজ্জাক ২০১২ সালের ২৩ ডিসেম্বর ৭০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ ও রাজ্জাক তনয় নাহিম রাজ্জাক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। দোয়া এবং মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার। 

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাসার চোকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান বেপারি, উপজেলা যুব লীগের সভাপতি জামান রাড়ী, সাধারণ সম্পাদক হারুন বেপারী, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ অনেকে। 

উল্লেখ্য, রাজনৈতিক জীবনে আব্দুর রাজ্জাক তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন বাঙালির স্বাধিকার, স্বাধীনতা, শান্তি ও সামাজিক মুক্তির আন্দোলনে। ছাত্রজীবন থেকে আমৃত্যু তিনি ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথম সারির সংগঠক ও নেতা। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ছাড়া ১৯৬৬-১৯৬৭ ও ১৯৬৭-১৯৬৮ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। আব্দুর রাজ্জাক ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ এবং ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৯৯১, ১৯৯৬ সালের নির্বাচনে ২টি করে আসনে এমপি নির্বাচিত হন। ১৯৭৯ ও ১৯৮১ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আব্দুর রাজ্জাক পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ’৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা।