ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মেকাতাদির চৌধুরীকে সমর্থন জানিয়েছে হাজারো প্রতিবন্ধী।
এ উপলক্ষ্যে রবিবার (২৪ ডিসেম্বর) শহরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্যফোরামের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। এ সময় জেলার সদর উপজেলার প্রায় ১ হাজার প্রতিবন্ধী আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।
উবায়দুল মেকাতাদির চৌধুরী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর এই দেশটার জন্য কেউ ভাবেনি, কিছু করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পরে রাষ্ট্রের অবহেলিত মানুষ যারা, যাদের খোঁজ কেউ নেন না, শেখ হাসিনা তাদের জন্য কাজ করা শুরু করলেন।
সেই ধারাবিহিকতায় এবার তৃতীয় লিঙ্গের একজন প্রতিনিধি এমপি প্রার্থী হয়েছেন বাংলাদেশে। আগে কখনো এরকম অবস্থা হয়নি। এমনকি অনেক উন্নত দেশেও এমনটা হয়নি। শেখ হাসিনার সরকার যে সুযোগ সৃষ্টি করেছেন তারই কারণে এটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, ব্রহ্মণবাড়িয়ার এমনকি সারাদেশে প্রতিবন্ধীরা যাতে নির্বিগ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নির্বাচন কমিশনের কাছে আমি এই দাবি রাখছি।
সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধী ঐক্যফোরামের সংগঠক হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, চিকিত্সক সাইফুদ্দিন খান শুভ্রসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।