ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা ও উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন আশরাফের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক আলী আজম, মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম শাহীন।
সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত এ মেলায় প্রতিদিন থাকছে গান, নৃত্য, আবৃত্তি, কবি সম্মেলন, আলোচনা, পুস্তক প্রদর্শনী ও লেখক আড্ডা। মেলা উপলক্ষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রায় ২৫টি স্টল বসানো হয়েছে। এছাড়া শিশুদের জন্য নাগরদোলাসহ নানা বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে।
সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন আশরাফ বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে এই প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করে আসছে। এ মেলাকে কেন্দ্র করে লোকজ সংস্কৃতির সমাহার ঘটে এবং প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গণতান্ত্রিক পরিবেশে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করছে। তিনি দেশবাসীর কল্যাণ কামনা করেন।

