যা কেউ পারেনি, আমরা করতে চাই : রোহিত শর্মা

শুরুটা ভালো হয়, তবে শেষটা নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে হয়তো এটি নিয়ে সব সময়ই আফসোস থাকবে ভারতের। তবে এবার ভিন্ন কিছু করতে চান তারা। তাইতো সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিলেন, ‘যা কেউ করতে পারেনি তা আমরা করতে চাই।’

১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে আটটি সিরিজ খেলেছে ভারত। কিন্তু একটিও জিততে পারেনি তারা। প্রোটিয়াদের বিপক্ষে তাদের সর্বোচ্চ অর্জন এসেছিল সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। কারণ ২০১০ সালের সফরে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। এইটাই হয়তো ভারতীয় ক্রিকেটের আক্ষেপ। কেননা প্রোটিয়াদের ছাড়া সব দেশের বিপক্ষেই তাদের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জেতার কীর্তি রয়েছে ভারতের।

২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথমবারের মতো খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে এ চক্রে দুটি টেস্ট খেলেছে ভারত। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। তবে এবার নজর জয়ে। আজ বক্সিং ডেতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

এই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, এই সিরিজ তাদের কাছে মিশন ইমপসিবল। বলেন, ‘যা কেউ পারেনি, আমরা সেটাই অর্জন করতে চাই। বিশ্বের এই অংশেই টেস্ট সিরিজ জয় অধরা রয়েছে। এই বার সেই সুযোগ রয়েছে। শেষ দুবার আমরা জয়ের কাছাকাছি এসেও পারিনি। এবার সেটাই আমাদের তাগিদ আরো বাড়িয়ে দিয়েছে।’