৫ উইকেট হারিয়ে বিশাল চাপে নিউজিল্যান্ড 

ওয়ানডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। টাইগার বোলারদের বোলিং তোপে ধুঁকছে কিউইরা। 

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন স্পিনার শেখ মেহেদী হাসান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান টিম সেইফার্ট।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম তিন বলেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বলে ৩ বলে ১ রান করা ফিন অ্যালান ও তৃতীয় বলে ক্রিজে আসা গ্লেন ফিলিপসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান শরিফুল। হ্যাটট্রিকের আশা জাগিয়েও তা করতে পারেননি এই টাইগার পেসার।

এরপর ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন শেখ মেহেদী। দলীয় ২০ রানে ১৫ বলে ১৪ রান করে আউট হন মিচেল। 

এরপর জিমি নিশামকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন চ্যাপম্যান। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই চ্যাপম্যানকে আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দলীয় ৫০ রানে ১৯ বলে ১৯ রান করে আউট হন এই ব্যাটার। ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।