তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় সংসদ ভবন তো পাকিস্তান আমল থেকে নির্মাণ করা শুরু হয়েছিল, তাই বলে কি সংসদ ভবনও ব্যবহার করা যাবে না? গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ‘জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় পাকিস্তানের করা ডিজাইন বাস্তবায়নের লক্ষ্যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে নিতে হবে কেন?’ এমন বক্তব্যের বিষয়ে সরকারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনাটা কখন হয়েছিলে সেটা মুখ্য নয়, পরিকল্পনাটা কী করা হয়েছিল সেটি মুখ্য বিষয়। সংসদ ভবনও তো পাকিস্তান আমল থেকে নির্মাণ করা শুরু হয়েছিল, তাই বলে কি সংসদ ভবন ব্যবহার করা যাবে না?
তিনি বলেন, নজরুল ইসলাম খানের কথায় তো মনে হয়, যেহেতু সংসদ ভবন পাকিস্তান আমল থেকে নির্মাণ করা শুরু হয়েছিল সেহেতু এটি ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে তিনি হয়তো এ ধরনের প্রশ্নও তুলবেন। মূল বিষয় হচ্ছে লুই আই কানের মূল নকশা লঙ্ঘন করে সেখানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। যদিওবা সেখানে আদৌ জিয়াউর রহমানের লাশ আছে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে।
তিনি বলেন, এক মার্কিন কংগ্রেসম্যান রাখাইন প্রদেশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করেছেন। এটি একান্তই তার নিজস্ব প্রস্তাব। এখনো এটি কংগ্রেস গ্রহণ করেনি। যে কেউ প্রস্তাব দিতেই পারে। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তবে আমরা মনে করি, এ ব্যাপারে সমাধান হচ্ছে রোহিঙ্গাদের পরিপূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত নেওয়া। একই সঙ্গে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, নবম ওয়েজ বোর্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চেয়ারম্যান বলেছিলেন, জুন মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। সেটি সম্ভব হয়নি। তবে যত দ্রুত সম্ভব আমরা এটি ঘোষণা করব। এছাড়া টেলিভিশন সাংবাদিকদের জন্য সম্প্রচার আইন করা হচ্ছে।