সাভারে হেলে পড়েছে বহুতল ভবন

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি ৬তলা ভবন পাশের অপর একটি ৩তলা ভবনের ওপর হেলে পড়ছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন দুটি ভবনই সিলগালা করে দিয়েছে। আবাসিক ভবন দুটিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার রাত ৮টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার মজিবর রহমানের মালিকানাধীন তারামন ভিলা নামে ৬তলা ও আইয়ুব আলীর মালিকানাধীন রুদ্র ছায়া নামে ৩তলা বিশিষ্ট আবাসিক ভবন দুটি সিলগালা করে দেয় সাভার উপজেলা প্রশাসন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, রবিবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের নেতৃত্বে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় হেলে পড়া দুটি বহুতল ভবন পরিদর্শনে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। এ সময় ৬তলা ভবনটি নকশা না মেনে অনুমোদনহীনভাবে তৈরি করা এবং তা পাশের ভবনের ওপর হেলে পড়ায় দুটি ভবনই সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, ভবন দুটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর তা সিলগালা করে দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে অনুমোদন না নিয়ে ভবন তৈরির বিষয়টি তদন্তপূর্বক মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

উল্লেখ্য, ২০১৩ সালে সাভারে রানা প্লাজার ভবন ধসে সহস াধিক শ্রমিক নিহত হয়। এরপর থেকেই সাভারের প্রশাসন বহুতল ভবনে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করে।