জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী বলেছেন, জিয়াউর রহমানের কুসন্তান তারেক জিয়ার নির্দেশে বাসের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। ট্রেনের লাইন খুলে দেওয়া হচ্ছে। এতে ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ মারা যেতে পারে। তারেক জিয়ার এখন রক্তের একটা বন্যা দরকার। তার সঙ্গে স্বাধীনতা বিরোধীসহ কুচক্রী মহল এক জায়গায় হয়ে নির্বাচন বানচাল করে অনির্বাচিত সরকার চাচ্ছে।
বুধবার (২৭ ডিসেম্বর) মাদারীপুর-১ (শিবচর) আসনের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসের হাট মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।
চিপ হুইপ আরও বলেন, বিদেশিরা এখন মানবাধিকারের কথা বলছে। তারা (বিদেশিরা) তো বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি। বঙ্গবন্ধু হত্যাকারীদের তারা কেন আশ্রয় দিয়েছে? ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞে যার সাজা হয়েছে, সেই তারেক জিয়াকে তারা কেন আশ্রয় দিয়েছে? মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের যারা হত্যা করছে, দেশান্তরী করেছে, তাদের তো তারা স্যাংশন দিচ্ছে না। তাদের নিয়ে কাউকে তো মানবাধিকারের কথা বলতে দেখি না।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ অনেকে।
এদিন চিফ হুইপ সন্ন্যাসীরচর ইউনিয়নের আ. রশিদ মাদবরের বাড়ি, মোস্তাক আহম্মেদ বুরু মোল্লার বাড়ি, সামচু সরদারের বাড়ি, আ. মান্নান মাদবরের বাড়ি, আ. রউফ হাওলাদারের বাড়ি, আবুল হোসেনের বাড়ি, বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান সাদ্দাম খানের বাড়ি, বাবুল শিকদারের বাড়িসহ আরও অনেকের বাড়িতে নির্বাচনী গণসংযোগ চালান। এসময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।