নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দলীয় ৯ রানে ৫ বলে ২ রান করা ফিন অ্যালানকে আউট করেন শরিফুল।
অ্যালানের বিদায়ের পর ক্রিজে আসেন ড্যারিল মিচেল। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন টিম সেইফার্ট। মারমুখি ব্যাটিং করতে থাকেন সেইফার্ট। মাত্র ১৯ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত আছেন এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।