ফরিদপুর-৪ 

বাবার জন্য ভোট চাইলেন নিক্সনকন্যা নাজোরা

ফরিদপুর-৪ আসনে বাবার পক্ষে জনসংযোগ করছেন মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মেয়ে নাজোরা মুজিব চৌধুরী। আজ শুক্রবার সকালে ভাঙ্গার কালামৃধা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি।

নাজোরা চৌধুরী ইত্তেফাককে বলেন, বাবার জন্য ভোট চাইছি। ভাঙ্গায় কোনো উন্নয়ন ছিল না। মানুষের উন্নয়ন না হলে দেশ এগিয়ে যেতে পারবে না। আমি দশ বছরে যা দেখেছি, তা আগে ভাঙ্গায় ছিল না। এমপি হয় দেশের উন্নয়নের জন্য, না করলে এটা বড় অপমান। 

জনসংযোগে নাজোরা মুজিব চৌধুরী

তিনি আরও বলেন, বাবা দশ বছর অনেক পরিশ্রম করেছেন। ঈদে আমরা বাবার জন্য অপেক্ষা করি, বসে থাকি। কিন্তু বাবাকে পাই না। বাবা এখানে ঈদ করতে চলে আসেন। এটা আমরাও বুঝি, বাবা মানুষকে খুশি করতে আসে, পাশে থাকতে আসে। এটাই অনেক বড় ব্যাপার। তাকে অনেক কষ্ট করতে হয়েছে। এতো কষ্ট হতো না যদি ভাঙ্গা অবহেলিত না থাকতো। বাবা আরও কষ্ট করবেন, এটাই এ এলাকার বাসিন্দারা বাবার কাছ থেকে আশা করেন।

নির্বাচনী প্রচারের বিষয়ে নাজোরা চৌধুরী বলেন, ভালো সাড়া পাচ্ছি। মানুষ বাবাকে অনেক ভালোবাসে, এটা বুঝতে পারছি। বাকিটা সবাই ৭ জানুয়ারি ভোট দিয়ে দেখিয়ে দেবে।

বাবার জন্য ভোট চাইছেন নাজোরা মুজিব চৌধুরী

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফরউল্লাহ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর লড়াই এবারো জমে উঠেছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা পেয়েও স্বতন্ত্র প্রার্থী নিক্সনের কাছে পরাজিত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাফর উল্লাহ। অন্যদিকে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যকার এ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিতে চান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আনোয়ার হোসেন। দুই হেভিওয়েট প্রার্থীর কারণে আওয়ামী লীগের ভোট ভাগ হবে- এমন আশায় রয়েছেন তিনি।