নৌকার হয়ে প্রচারণা, উপদেষ্টার পদ থেকে বিএনপি নেতা বহিষ্কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় এম বদরুদ্দিন নামে আরেক নেতাকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা বিএনপি।

বহিষ্কৃত এম বদরুদ্দিন উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা। তাকে বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ‘ডামি’ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাষ্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টাসহ সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, কক্সবাজার-৩ (সদর রামু-ঈদগাঁও) এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়।

তারা হলেন, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান এবং রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. জাফর আলম।

নৌকার প্রার্থী কক্সবাজার-৩ আসনের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার বদির পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।