নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ে সিরিজে এগিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে ভেসে যায়। আর তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রান হেরে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। তবে পুরো সিরিজে বল হাতে বেশ ছন্দে ছিলেন পেসার শরিফুল ইসলাম। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন তিনি। তাই এই টাইগার পেসারের প্রশংসা করেছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচ শেষে শরিফুলের প্রশংসা করে হাথুরু বলেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম— তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। অথচ ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। আর এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ-স্পিনারকে সাদা বলের ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উৎরে গেছে।’
সিরিজ জিততে না পারার আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, ‘সিরিজ শুরুর আগে আমরা বলছিলাম আগে কী করেছি। আমরা তার চেয়েও ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি।’