দেশের ক্রিকেটে হ-য-র-ল-ব বছরে অনুর্ধ্ব-১৯ দলের এশিয়া জয়

ক্যালেন্ডার থেকে বিদায় নিতে চলছে আরও একটি বছর। ২০২৩ সালকে বিদায় করে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত পুরো বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটে বেশ ঘটনাবহুল একটি বছর ছিল ২০২৩। হঠাৎ তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিশ্বকাপ দল থেকে তামিমের বাদ পড়া, বিশ্বকাপের আগে তামিম ও সাকিবের দ্বন্দ্ব। শেষ দিকে যুবা টাইগারদের এশিয়া কাপ জয়। একাধিক ঘটনায় উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট। চলুন এক নজরে দেখে নেই ২০২৩ সাল কেমন ছিল দেশের ক্রিকেটে।

bpl

বিপিএল

বছরের শুরুতেই মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নেয় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। অন্যদিকে টুর্নামেন্টে ভালো শুরু না হলেও ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চুতুর্থ শিরোপা ঘরে তোলে কুমিল্লা। 

england seris 1

ইংল্যান্ড সিরিজ 

এরপর ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৩ উইকেট ও ১৩৭ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা। তবে তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। ২-১ সিরিজ হারে টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে বাংলাদেশ ও ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবলধোলাই করে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারে মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ৬ ও ৪ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে ১৬ রানের জয়ে ইংলিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

ireland odi

আয়ারল্যান্ড সিরিজ

এরপর পূর্ণাজ্ঞ সিরিজ খেলতে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড। এই সিরিজে ব্যাটে-বলে বেশ দাপট দেখান বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজের একমাত্র টেস্ট আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে টাইগাররা। প্রথমে ম্যাচে ১৮৩ রান ও শেষ ওয়ানডেতে ১০ উইকেটে জয় পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম।  ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচে ২২ ও ৭৭ রানের জয় পায় বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে আইরিশদের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। 

ireland chemsford

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ

এরপর মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এই সিরিজ ২-০ তে জয়লাভ করে বাংলাদেশ। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট ও তৃতীয় ম্যাচে ৫ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। 

afganistan odi

আফগানিস্তান সিরিজ ও তামিমের অবসর 

এরপর এক পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসে আফগানিস্তান দল। সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। 

tamim 1

এরপর ওয়ানডে সিরিজে মাঠে নামে দু'দল। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারায় আফগানিস্তান। এই ম্যাচের পর ৬ জুলাই চট্টগ্রামে হঠাৎ এক সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অধিনায়ক তামিম ইকবাল।

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাৎ  

এরপর সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। এই সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনের মধ্যে ৭ জুলাই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন তামিম। এই সময় এক মাসের ছুটিতে যান দেশসেরা এই ওপেনার।

BCB Tamim

তামিমের অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন লিটন দাস। এই ম্যাচে আফগানদের কাছে ১৪২ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়ায় টাইগাররা।ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে ২ ও শেষ ম্যাচে ৬ উইকেটে জিতে আফগানদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। 

tamim 1

পাপনের সঙ্গে তামিমের রুদ্ধদ্বার বৈঠক

এরপর ৪ আগস্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তামিম। বৈঠক শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তামিম। সেইসঙ্গে এশিয়া কাপেও না খেলার কথা জানান এই ওপেনার। তামিমের সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে দায়িত্ব দেয় বিসিবি। 

এশিয়া কাপ

সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। সাকিবের নেতৃত্বে এশিয়া কাপ খেলতে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

shanto and mehedi

এই ম্যাচে শতকে দেখা পান নাজমুল হাসান শান্ত ও মেহেদি হাসান মিরাজ 

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে তৃতীয় হয়ে এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ। 

নিউজিল্যান্ড সিরিজ

এশিয়া কাপ শেষ দরজায় কড়া নাড়ে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসে নিউজিল্যান্ড দল। এই সিরিজ দিয়ে দলে ফেরেন তামিম। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে কিউইদের কাছে ৮৬ রানে হারে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম। তৃতীয় ওয়ানডের আগে গণমাধ্যমে খবর চাউর হয় বিশ্বকাপে মাত্র ৫ ম্যাচ খেলতে চান তামিম। যা নিয়ে সাকিবের সঙ্গে শুরু হয় তামিমের দ্বন্দ্ব। 

nz odi oct

তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ হারে বাংলাদেশ। এই ম্যাচ চলাকালীন বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। তবে দল ঘোষণার আগেই গণমাধ্যমে খবর চাউর হয় বিশ্বকাপ দলে নেই তামিম।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওর মাধ্যমে বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। সত্যিই বিশ্বকাপ দলে জায়গা হয় না তামিমের।

তামিমের ভিডিওবার্তা 

বিশ্বকাপের উদ্দেশে বাংলাদেশ রওনা দেওয়ার পর ফেসবুকে এক ভিডিওবার্তা দেন তামিম। ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আমি কোনো সময় কোনো মুহূর্তে বলি নাই যে, আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। এ কথা কোনো সময় হয় নাই। এটা মিথ্যা ও ভুল কথা। কে করছে এটা আমি জানি না। এটা মিথ্যা কথা।’

সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকার

তামিমের ভিডিওবার্তার পাল্টা জবাব দেন সাকিব। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের ব্যাপক সমালোচনা করেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্বকাপের আগে এমন ঘটনায় বেশ বিব্রত হয় দেশের ক্রিকেটপ্রেমীরা।

 

প্রত্যাশার বিশ্বকাপে হতাশার বিচ্ছুরণ

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলতে গিয়ে ধরাশায়ী হয় বাংলাদেশ। স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটায় বাংলাদেশ। ৯ ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

আফগানিস্তানের সঙ্গে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা ষষ্ঠ হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। এমনকি শক্তির বিচারে পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরে হতাশার ষোলকলা পূর্ণ করে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কা সঙ্গে ৩ উইকেটের জয়ে কোনো রকমে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

অনুর্ধ্ব-১৯ দলের এশিয়া জয়, নারী দলের সাফল্য

জাতীয় দলের হতাশার মাঝে ক্রিকেটে স্বস্তির বাতাস বয়ে দেয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে যুবা টাইগাররা। 

এছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা, পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারানো, এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয় করে নিগার সুলতানা জ্যোতির দল। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের মতো ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলার বাঘিনীরা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়

বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের আসে নিউজিল্যান্ড। সিরিজটি ১-১ ড্র করে বাংলাদেশ। সিরিজে অনুষ্ঠিত প্রথম টেস্টে কিউইদের ১৫০ রানে হারায় টাইগাররা। দুই ইনিংস মিলে ১০ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন স্পিনার তাইজুল ইসলাম।

test bangladesh

এরপর ঢাকার মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারীদের কাছে হারে বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ 

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যায় বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ২-১ এ ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৪৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। ওয়ানডেতে এইটাই বাংলাদেশের নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কিউদের ৫ উইকেটে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। হার দিয়েই বছর শেষ করে বাংলাদেশ দল।